কেন্দ্রীয় সরকারে ৭৩১ স্টেনোগ্রাফার শূন্যপদ
স্টেনোগ্রাফার (গ্রেড 'সি' ও 'ডি') পদে ৭৩১ জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও কার্যালয়ে। স্টেনোগ্রাফার গ্রেড 'সি' অ্যান্ড 'ডি' এক্সামিনেশন, ২০২৬-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।
শিক্ষাগত যোগ্যতা:
যে-কোনও শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ। ইংরেজি বা হিন্দিতে দেওয়া ডিক্টেশন, গ্রেড 'সি'-র প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে ১০০ এবং গ্রেড 'ডি'-র প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে ৮০টি শব্দের গতিতে শর্টহ্যান্ডে লেখা এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
বয়স:
১-৮-২০২৬ তারিখে গ্রেড 'সি'-র প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ এবং গ্রেড 'ডি'-র প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সে তফসিলিরা ৫, ওবিসিরা ৩০ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা, বিবাহবিচ্ছিন্না ও আইনত স্বামীবিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে জুলাই-অগস্টে। ২০০ নম্বরের পরীক্ষায় অবজেক্টিভটাইপ মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০ নম্বর), জেনারেল অ্যাওয়্যারনেস (৫০ নম্বর) ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০ নম্বর) বিষয়ে। সময়সীমা ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষায় সফল হলে স্কিল টেস্টের জন্য ডাক পাওয়া যাবে। স্কিল টেস্টে ১০ মিনিট ধরে ইংরেজি বা হিন্দিতে দেওয়া ডিক্টেশন গ্রেড-ডি-র ক্ষেত্রে প্রতি মিনিটে ৮০টি শব্দের গতিতে শর্টহ্যান্ডে লিখে কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে বা হিন্দিতে ৬৫ মিনিটে টাইপ করতে হবে। গ্রেড-সি-র ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০টি শব্দের গতিতে শটহ্যান্ডে লিখে কম্পিউটারে ইংরেজিতে ৪০ মিনিটে বা হিন্দিতে ৫৫ মিনিটে টাইপ করতে হবে।
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল (বন্ধনীতে সেন্টার কোড): কলকাতা (৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫), কল্যাণী (৪৪১৯), সিউড়ি (৪৪১৬), আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪২২), দুর্গাপুর (৪৪২৬)।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://ssc.gov.in প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৫ মে। অনলাইন দরখাস্ত করার আগে 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' করতে হবে। রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত করার সময় (পার্ট-টু রেজিস্ট্রেশন) প্রার্থীর সই (জেপেগ ফর্ম্যাটে ১০-২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। এর পাশাপাশি অনলাইন আবেদন করার সময়ই সরাসরি ফটো তুলতে হবে।
ফি বাবদ অনলাইন দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে ভিম ডেবিট ইউপিআই বা নেট ব্যাঙ্কিং বা ভিসা/মাস্টার কার্ড/মায়েন্ত্রো/রুপে কার্ডের মাধ্যমে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে।
ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিটের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না।
অনলাইন দরখাস্ত যথাযথ ভাবে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।
অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে ২০ ও ২১ মে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

0 Comments