সুতোর রিল তৈরির ব্যবসা বিস্তারিত জেনে নিন

সুতোর রিল তৈরির ব্যবসা

সুতোর রিল তৈরির ব্যবসা বিস্তারিত জেনে নিন


পোশাক বানানোর কাজ করতে গেলে সেলাই মেশিনে দিতে হয় সুতোর রিল। এই সুতোর রিল তৈরি করেই ভালো রোজগার করতে পারেন। পাইকারি দরে সুতো কিনবেন। রিল বানাতে চাই মেশিন।

সুতোর চাহিদা আছে বিশ্বের সর্বত্র। জামা-কাপড় সেলাইয়ের জন্য সুতো লাগেই। আমাদের দেশে,বিশেষ করে পশ্চিমবঙ্গে বহু মানুষ সুতো তৈরির সঙ্গে যুক্ত। এখান থেকে সুতো রপ্তানি হয় অন্য রাজ্যে এবং বিদেশেও। পাইকারি দামে সুতো কিনে মেশিনের সাহায্যে সুতোর রিল তৈরি করে বিক্রির কথা ভাবতে পারেন বেকার তরুণ-তরুণীরা। এই ব্যবসায় বিরাট পুঁজির প্রয়োজন নেই। খুব বেশি লোকবলেরও প্রয়োজন নেই। টেলারিং শপ বা পোশাক তৈরির কারখানাগুলির সঙ্গে যোগাযোগ করে সেই সুতোর রিল বিক্রি করা যায়।

সুতোর চাহিদা সব সময়ই ভালো থাকায়, এই ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে, ব্যবসা দাঁড় করানোর জন্য মার্কেটিং ভালো হওয়া জরুরি। এর জন্য বাড়াতে হবে জনসংযোগ। ব্যবসা শুরু করার আগে সার্ভে করে দেখতে হবে নিজের অঞ্চলে ওই জিনিসগুলির কতটা চাহিদা আছে এবং অদুর ভবিষ্যতে চাহিদা কতটা বাড়তে পারে। আপনার তৈরি জিনিসগুলি সম্পর্কে জানাতে হবে পরিচিতদের, প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে প্রচার করতে হবে। নামী কোম্পানির সঙ্গে আপনার তৈরি সুতোর রিল তখনই পাল্লা দিতে পারবে যখন তা মানে ভালো ও দামে কম হবে। তাই উপকরণ কেনার সময় মান যাচাই করতে হবে। প্রথম দিকে লাভ কম রেখে ব্যবসা করতে পারলে ভালো। যত্ন নিতে হবে প্যাকেজিংয়ের ক্ষেত্রেও। ভালো মেশিন ও ভালো কাঁচামাল কেনার পাশাপাশি ছোট ছোট এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে।

পাইকারি বাজারে সুতো কেনা :

কিলো দরে সুতো কিনতে হবে পাইকারি বাজার থেকে। সুতোর পাইকারি বাজার প্রায় প্রতিটি জেলায় আছে। কলকাতায় বড়বাজার অঞ্চলে পাইকারি মূল্যে সুতো কিনতে পারবেন। এছাড়া অনলাইনও কেনা যায়। কিন্তু অনলাইন কিনলে, সুতোর মান পরখ করে নেওয়া সম্ভব হয় না। ব্যবসার উন্নতির জন্য সুতোর মান ও রং ভালো ও দীর্ঘস্থায়ী হওয়া অবশ্যই দরকার।

রিল তৈরির মেশিন :

কেনা সুতো থেকে রিল তৈরি করার জন্য প্রয়োজন মেশিন। মেশিনের মাধ্যমে একসঙ্গে তিনটি, পাঁচটি বা ছ'টি রিল তৈরি করা যায়। একই মেশিনে বিভিন্ন রঙের রিল তৈরি করা যায়। তার আগে কাগজ কেটে আঠা দিয়ে রোল তৈরি করে নিতে হবে। কাগজের রোলগুলো মেশিনের ববিনে দিয়ে দিলে এবং সুতো মেশিনের নির্দিষ্ট পয়েন্টে রেখে চালু করলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সুতোর রিল তৈরি হয়ে যাবে। এরপর প্রত্যেকটা সুতোর রিলকে প্লাস্টিকে মুড়তে হবে। একই রঙের ২৪টা রিলের সেট নিয়ে তৈরি হবে এক-একটা বাক্স।

সুতোর জট ছাড়ানোর মেশিন ও সুতোর রিল তৈরির মেশিন নিয়ে খরচ পড়বে দেড় লক্ষ টাকা। মেশিন কিনতে পাওয়া যাবে কলকাতার ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রি-তে। সংস্থার তরফে বিনামূল্যে ইনস্টলেশন করা হয়। ও ট্রেনিং দেওয়া হয়। প্রয়োজনীয় উপকরণ কেনার ব্যাপারেও এই সংস্থা সাহায্য করবে।

যোগাযোগ: ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রি, ৬১, গণেশচন্দ্র অ্যাভিনিউ, কলকাতা-৭০০ ০১৩, ফোন: (০৩৩) ২২৩৬-৮০১৫, ৯৪৩২৪-২২০৮৬।

Post a Comment

0 Comments