রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ল
নিজস্ব প্রতিনিধিষ্ম সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। কোভিড-পরবর্তী সময়ে রাজ্যে কর্মসংস্থানের অভাব এবং পূর্বতন সরকারের আমলে নিয়োগ দুর্নীতির জেরে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ রাজ্যে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক দুর্নীতির শিকার, যোগ্য শিক্ষকদের অনেকেরই দীর্ঘ আইনি লড়াই এবং রাজপথে আন্দোলন করতে করতেই সরকারি চাকরিতে বসার নির্ধারিত বয়স পেরিয়ে গিয়েছিল। তাঁরা সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেলেন। সেইসঙ্গে প্রশাসনিক ক্ষেত্রের নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা বসতে চান, অথচ বয়সের বাধায় পারছেন না, তাঁদের ক্ষেত্রেও এ এক বড় সুযোগ।
উল্লেখ্য, এ রাজ্যে চাকরি নেই বলে বামফ্রন্ট আমলের শেষ ভাগ থেকেই প্রায়শ দাবি উঠছে। পরবর্তী আমলে নানা দুর্নীতি চাকরির পরিস্থিতিকে আরও ঘোরালো করেছে।
নতুন সরকারের কাছে 'কর্মক্ষেত্র'-র আশা, চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা বাড়ানোর পাশাপাশি নানা ক্ষেত্রে শূন্যপদ চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে।

0 Comments